Monday, December 28, 2020

ভ্যাম্পায়ার..... নীলাঞ্জনা সরকার

 


-ধর্মাবতার, আমায় শাস্তি দিন। আমি আমার দোষ স্বীকার করছি।
-আহা করো কি! আমাকে আমার কাজটা করার সুযোগ তো দাও।
অনিলবাবু তার মক্কেলকে থামিয়ে নিজের কালো কোটটাকে একটু ভালো করে গায়ে জড়িয়ে কথা শুরু করলেন...
-আচ্ছা বলুন তো ধর্মাবতার, ভ্যাম্পায়ার সামনে এলে আপনি কি করবেন? 
-কি আবার করবো? পালাবো।
-কিন্তু কেউ যদি না পালিয়ে বীরের মত তার সাথে লড়াই করে তাহলে তাকে কি বলবেন?
-মানে! এই একটা সহজ খুনের মামলায় এসব কি বলছেন আপনি?
সরকারি পক্ষের উকিল হেসে ওঠেন, অনিল বাবুর মাথা খারাপ হওয়ার একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টাও করেন... কিন্তু ডাকসাইটে উকিল অনিল নস্কর তাতে দমে যাওয়ার পাত্র নন। তিনি বলে চলেন,
-ধর্মাবতার। আমরা জানি ভ্যাম্পায়ার আঁধারে আসে, বৃষ্টিতে আসে। কিন্তু আমার মক্কেলের স্বপ্নের দিনগুলি ম্লান হতে শুরু করেছিল এক অদৃশ্য রক্তশূন্যতা থেকে। ভ্যাম্পায়ার এক অন্য রূপে অবতীর্ণ হয়েছিল তার জীবনে। আচ্ছা বলুন তো, মোতি বিবির কি চিরকাল কোটরে থাকার কথা? তার কি কোনও অধিকার নেই আমার মক্কেলের হাত ধরে শহরের আলোর অধিকার কেড়ে নেওয়ার! আমি তো স্যালুট করি এই প্রেমিককে, ভ্যাম্পায়ার নিধন করে সে নীল আকাশ দিয়েছে তার ভালোবাসাকে।
-একটু খুলে বলুন।
- নিশ্চয়। একটু চোখ বন্ধ করে ভাবুন একটা নিষ্পাপ  মেয়ে অবস্থার ফেরে আলাদা হলো নিজের পরিবার থেকে। নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে রঙিন হতে হলো তাকে। একদিন সে খোলা জানলার পাশে দাঁড়িয়ে শুনতে পেলো কে যেন তাকে নতুন নামে ডাকছে! ভালোবাসার আর এক নাম নিয়ে এলো তার জীবনে তার মন্টু, আমার মক্কেল। 
- আপনার মক্কেল নিজে মুখে স্বীকার করেছে তার কৃতকর্মের কথা তাই আইনকে তার রায় দিতেই হবে।
- ঠিক ধর্মাবতার। কিন্তু যখন চোখের সামনে নিজের মোতিকে লালসার শিকার হতে দেখবে তখন...সে কি এভাবেই চুপ করে থাকতে পারতো নাকি থাকা উচিত ছিল তার! আপনিই বলুন তখন কি শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো ফুটে উঠবে না! বিবেক চেঁচিয়ে বলবে না যে ওই ভ্যাম্পায়ারের নিধন হোক! রায় দেওয়ার আগে একটু ভেবে দেখবেন যে আমার মক্কেল একটা অন্যায় করে এমন অনেক মোতি বিবিকে শান্তি দিল।
জজ সাহেবের চোখের সামনে ফাঁসির দড়ির বদলে ভেসে ওঠে সুখের খোঁজে উড়ে যাওয়া একদল পরিযায়ী পাখি।।


2 comments:

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...