বৃষ্টি দেখছিল সীমা.... শ্বশুরবাড়ির দোতলার এই ঘরটি তার খুব প্রিয়, এখানেই সে নিজেকে খুঁজে পায় বাকি সব আড়ম্বরতাকে পিছনে ফেলে। সীমার স্বামী একজন বিজ্ঞানী.....সরকারি চাকরি করত - কিন্তু রঞ্জন এখন বাড়িতেই একদম ছাদের ঘরে নিজের ল্যাবরেটরিতে কি সব নিয়ে সারাদিন ব্যস্ত। সীমাকে মাঝে মাঝে সেই ঘরে নিয়ে যায় রঞ্জন, বোঝাবার চেষ্টা করে অনেক কিছু কিন্তু সীমার কৌতূহল তার কাজের ক্ষেত্র ছাড়িয়ে যায় অনেক দূর তখন রঞ্জন আর সীমা দুজনেই হেসে উঠে অবশেষে থেমে যায় - বেশিরভাগ দিনই রঞ্জন একটাই কথা বলে!
-দাঁড়াও, আর দেরি নেই... খুব শিগগির সব প্রশ্নের উত্তর পাবে।
সীমা তার চোখের দৃষ্টি রঞ্জন থেকে সরিয়ে নিয়ে ধীর পায়ে একটা একটা করে সিঁড়ি গোনে আর নামে... মনে মনে ভাবে এই সব প্রশ্ন তার আর রঞ্জনের জীবনের অনেকখানি সময় কেড়ে নিয়েছে। সীমা খুব ভালো আঁকতে পারে তাই যখনই সময় পায় রং তুলি নিয়ে বসে, এমনি একদিন অবসরে সে আঁকলো এক বরফাবৃত পাহাড়, নীল আকাশ আর দুটি ভালোবাসার মানুষকে... অনেকবার করে ছবিটা দেখেও সীমার মন ভরলো না! কি যেন এক অসম্পূর্ণতা গ্রাস করে আছে এই জলরঙের ছবিটিতে। সীমা যখন ভাবে বিভোর তখন রঞ্জনের চিৎকার শুনতে পেল...সীমা...সীমা...ছলাৎ করে উঠলো সীমার বুকের ভিতরটা, রঞ্জনের মুখে তার নামটা কি মিষ্টি লাগে। সীমা দৌড়ে ছাদের ঘরে যায়- দরজা দিয়ে ঢুকে দেখে রঞ্জন সামনে বসে আছে আর কে যেন তার কানের কাছে ফিসফিস করে উঠলো..."সীমা"! এ কার কন্ঠস্বর...ভয়ে ভয়ে সেদিকে তাকালো সীমা, কাউকে দেখতে পেল না! আবার সেই কন্ঠস্বর - দৌড়ে গিয়ে রঞ্জনকে জড়িয়ে ধরতে রঞ্জন মুখ বেঁকিয়ে বললো,
-কি ভীতু গো তুমি!
সীমা আরো আঁকরে ধরলে, তাকে সোজা করিয়ে সামনের টেবিলের দিকে আঙুল তুলে বললো,
-ওই যে ও কথা বলছে।
সীমা সোজা তাকিয়ে দেখে একটা বাক্স তাকে ডাকছে। রঞ্জন বাক্সের সামনে গিয়ে বলে,
-কি ব্যাপার, তোমার সীমাকে পছন্দ?
বাক্স হ্যাঁ বলে। রঞ্জন সীমাকে বলে,
-তোমার??
সীমা কপট রাগ দেখিয়ে পিছন ঘুরে বসে। সীমার গাল টিপে দিয়ে রঞ্জন বলে,
-এবার বোধহয় আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে পারবে। জানো, কথা বলা যন্ত্রটা তৈরি করলাম, এবার ওর শরীরটা বানাতে হবে কিন্তু তার জন্য চাই ফান্ড। সীমার চোখে শুধু বিস্ময়! রঞ্জন বলেই চলেছে -সে যা প্রোগ্রামিং করে দেবে তাই বলবে এই যন্ত্র...শিক্ষা ব্যবস্থায় অনেক সাহায্য করতে চাই সীমা। আজ যদি মা বাবা থাকতেন খুব খুশি হতেন...বাবার চিরদিনের স্বপ্ন ছিল সাধারণ মানুষের পাশে থাকা, ছোটবেলায় সামনে থেকে দেখে বাবার আদর্শগুলো বুকের পাঁজরে মিশে গেছে সীমা। ছাদে আসে রঞ্জন। সীমা বোঝে, জানে এখন নিশ্চয়ই আকাশের গভীরতায় ওনাদের খুঁজছে তার স্বামী...তার বিয়ের পর পরই কোনো এক অজ্ঞাত কারণে মা বাবা দুজনকেই হারায় রঞ্জন। অনেকবার রঞ্জনকে জিজ্ঞেস করেছে সে, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুদিনের মধ্যেই পুলিশ কেস বন্ধ করে দেয় অ্যাক্সিডেন্টে মৃত্যু দেখিয়ে। সবাই বিশ্বাস করলেও রঞ্জন করেনি - হয়তো কিছু জানতে পেরে সাংঘাতিক গুমরে গিয়েছিল সে। কাজে যেত - আসতো ঠিকই কিন্তু কি যেন ভাবত সারাদিন। অবশেষে একদিন চাকরি ছেড়ে দিয়ে তার এই গবেষণা, আর আবিষ্কার। মাঝে মাঝে রঞ্জন খুব অজানা হয়ে ওঠে তার কাছে, ধীর পায়ে এগিয়ে রঞ্জনের কাঁধে মাথা রাখে সীমা... তার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ঘটনা! মা বাবা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই খবর আসে একটা বড় ট্রাক এসে তাদের পিষে দিয়ে গেছে। অনেকদিন অবধি রাতে ঘুমাতে পারেনি রঞ্জন, চমকে উঠতো আর নিজের মনকে প্রশ্ন করতো এত সকালে পার্কের পাশের ফাঁকা রাস্তায় ট্রাক এলো কোথা থেকে? সীমা অনেকদিন এও লক্ষ্য করেছে রঞ্জন কি যেন খুঁজতো বাবার টেবিলে! তা প্রায় তিন বছর হয়ে গেছে। নতুন সংসারটাকে নিজের করে নেওয়ার আগেই কতকিছু ঘটে গেল তাদের জীবনে...আজ আকাশে মায়াবী আলোর খেলা চলছে যেন! চাঁদও রঞ্জনের সফলতার সঙ্গী, গান গেয়ে ওঠে সীমা... চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো...রঞ্জন জড়িয়ে ধরে সীমাকে।
বেশ কিছুদিন কেটে গেছে, রঞ্জন তার কথা বলা বাক্সটার আরো কিছু উন্নতি ঘটিয়েছে। তবে বাক্সটার শরীর বানাবে না এই সিদ্ধান্তও নিয়েছে সে, ওসব করলে নাকি বাক্সটাকে কোথাও নিয়ে যেতে সমস্যা হবে, তাই ওটাকেই একটু অন্যরকম রূপ দেবে সে। আজ রঞ্জন আর সীমা সকালের ব্রেকফাস্ট খাওয়ার পর বসে গল্প করছিল, সীমার যদিও রান্নাঘরে যাওয়ার তাড়া ছিল কিন্তু রঞ্জন তাকে বসায়। সীমা বোঝে রঞ্জন আজ তাকে কিছু বলতে চায় - সে বসে। রঞ্জন শুরু করে,
-সীমা তুমি তো জানো বাবা স্কুলের বিজ্ঞান শিক্ষক ছিলেন। কিন্তু বাবা চাইলে অনেক বড় গবেষক হতে পারতেন, কিন্তু সেসব পরিকল্পনা ছেড়ে তিনি বাচ্চাদের মধ্যে বিজ্ঞানের প্রসার ঘটানোকেই প্রাধান্য দিয়েছিলেন। তিনি বলতেন দেশের ভবিষ্যত প্রজন্ম যত বিজ্ঞানমনষ্ক হবে দেশ তত উন্নতি করবে। বাবার শেখার আর জানার ইচ্ছেটা খুব প্রবল ছিল, তাই উনি খুব পড়তেন - অনেক বিজ্ঞানের পত্রিকা, দেশী বিদেশী বিজ্ঞানীদের বিভিন্ন আর্টিকেল। একবার বাবার স্কুল থেকে সব শিক্ষকেরা মিলে বকখালী বেড়াতে গেলেন। ফিরে বাবা খুব মনমরা হয়ে পড়েছিলেন বেশ কিছুদিন, তারপর হঠাৎ করে রোজ স্কুল থেকে ফিরে কি যেন সব লেখালিখি করতে লাগলেন! মা সব কিছু লক্ষ্য করে একদিন বাবাকে সব কিছু খুলে বলতে বললেন ...বাবা সেদিন আমাদের একটা গল্প বলেছিলেন। বাবা বকখালী গিয়ে প্রথমদিন বেশ আনন্দে ছিলেন তবে সমুদ্রের ধারে একটা মেয়ে তার চোখে পড়ে, মেয়েটি কোনো কিছু বিক্রি করতো তাও নয় আবার ভিক্ষেও চাইতো না। পরদিন সকালে সবাই যখন সমুদ্রের ধারে আনন্দে মত্ত, বাবা তখন মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চান। মেয়েটি খুব সুন্দর হেসে দূরে আঙুল দেখিয়ে বলে - ওদিকে তার বাড়ি , বাবা যদি চান তার মায়ের সাথে কথা বলতে পারেন। বাবার মনে একবিন্দু সন্দেহ আসেনি, উনি বন্ধুদের বলে মেয়েটির সাথে হাঁটতে শুরু করেন। সমুদ্রের ধারে কত লোকের কোলাহল, সবাই কটাদিন সব ভুলে এই শুভ্র জলরাশির স্পর্শে নিজেদের শৈশবটা খুঁজে পেতে চাইছে যেন। কিন্তু মেয়েটি নিরুত্তাপ, সে হেঁটে চলেছে আর বাবাও। অবশেষে মেয়েটির বাড়ি পৌঁছলেন বাবা...একটা ঝুপড়ি মত, আশপাশে ওই ধরনেরই বেশ কিছু ঘর। দরজা খুললো একজন চকমকি শাড়ি পরা মহিলা, উগ্র সাজ আর গায়ে সুগন্ধির এত অতিরিক্ত প্রয়োগ যা খুব শ্বাসকষ্টের কারণ হয়েছিল বাবার। একনিমেশে সব বুঝে নিলেন বাবা, মেয়েটির দিকে তাকিয়ে দেখেন সে তখনও কেমন যেন চুপচাপ। ওই বয়সের বাকি মেয়েদের থেকে অনেকটাই আলাদা। বাবা ঐ মহিলাকে বলেন, -মা আমায় একটু জল খাওয়াবে?
মহিলা তাকে ভিতরে আসতে বলে জল আনতে যায়। বাবা মেয়েটিকে নিয়ে ঘরে ঢোকে। ঘরে অনেক দেব দেবীর মূর্তি, ধূপ জ্বলছে। এবার মহিলা তার মেয়েকে বাইরে যেতে বললে, বাবা বলেন,
-থাক। এ তোমার মেয়ে?
মহিলা বেশ রেগে যায়, বলে,
-বাবু, শুরুতে মা বললেন বড় আজব লাগলো তবু ভাবলাম বোধকরি আপনার মতিভ্রম হয়েছে কিন্তু এখনতো দেখছি আপনি পুরো পাগল?
বাবা বলেছিলেন,
- না, মা মতিভ্রম নয়। তুমি এই ছোট মেয়েটাকে পাঠাও তোমার ব্যবসার জন্য? তুমি দেখেছ ওর চোখদুটো!
-কি করবো বাবু, ওর মুখেই তো অন্ন জোগাতে হবে, এখানে সবাই বেড়াতে আসে তার মধ্যে থেকে কখনো কখনো কাউকে নিয়ে আসে ও। ওকেও তো ব্যবসাটা বুঝতে হবে, নয়তো আমি মরলে এ বাড়ির মালিক ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে।
বাবা জিজ্ঞেস করেছিলেন মেয়েটা স্কুল যায় কিনা? তাতে মহিলা খুব হেসেছিল আর বলেছিল,
- বাবু! তুমি কি করতে এসেছো বলতো? এত হাড়ির খবর তো আমি তোমায় দিতে পারবো না। শুধু আমার মেয়ে কেন… এরকম কত মেয়ে স্কুল যায়না তা তুমি জানো? তবে ওরা অনেক কিছু শিখছে বাবু ছোট থেকে কি করে খদ্দের ধরতে হয়, কি করে মন ভোলাতে হয়...আর কে শেখায় জানো?? ওদের গর্ভধারিনীরাই।
কেঁদে ফেলে ওই মহিলা...
- বাবু, আমাদের বাচ্চাদের কোন স্কুলে নেবে গো বলতে পারো? একটা মাষ্টার রেখেছিলাম মেয়েটার জন্য কিন্তু সেও দুদিনের মধ্যে আমার বিছানায় আসে, তাই ঘেন্না ধরে গেছে।
বাবা সেদিন চোখের জল মুছে বেরিয়ে আসেন। তারপর বাকি দুদিন আর ওই মেয়েটির দেখা পাওয়া যায়নি... এরপর মা বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের যতটুকু ক্ষমতা তাই দিয়ে এইসব বাচ্চাদের জন্য কিছু করবেন।
-আচ্ছা রঞ্জন, বাবা কি আবার কখনো গিয়েছিলেন ওই মেয়েটির খোঁজে?
সীমার প্রশ্নে রঞ্জন যেন হারিয়ে যায়, বেশ কিছু বছর আগের ঘটে যাওয়া মুহূর্তগুলো ফিরে পেতে চায় সে। মনের কোণে সযত্নে লুকিয়ে রাখা কিছু কথা আজ যেন বহমান নদীর মত সবকিছু ছাপিয়ে ভাসিয়ে নিতে চায় রঞ্জনের দুঃস্বপ্নগুলোকে! রঞ্জন হাঁটু গেড়ে বসে সীমার সামনে, জিজ্ঞেস করে বলতো,
-'ব' বলতে সবচেয়ে আগে কি মনে হয় তোমার? সীমা তৎক্ষণাৎ উত্তর দেয় 'বাবা'। রঞ্জন বলে,
-আমার বাবা সেই চক্রের বিষ চোখে পড়লেন যাদের লালসা শিশুদের শেখায় 'ব' হল 'বাবু'... বলায় 'ব' তে 'বিছানা'...আর সেইখানে তিলে তিলে মরে তাদের শৈশব। বিছানার পাশে রাখা ফুলের পাপড়িগুলো দিয়ে হয় তাদের রক্তের ছোপ লাগা চাদরের মানানসই নকশা!
রঞ্জনের মুখে চাপা দেয় সীমা, কেঁদে ওঠে। বলে,
-ওমন করে বলোনা গো! আর যে শুনতে পারছিনা। -শুনতে হবে সীমা, অনেক শক্ত হতে হবে আগামী দিনগুলোয়।
রঞ্জন বলতে থাকে, মা বাবা গিয়েছিলেন আরো একবার ওই মেয়েটির খোঁজে কিন্তু না - তাদের দেখা আর পাওয়া যায়নি। সেই ঝুপড়িটাই অদ্ভুতভাবে হাওয়া হয়ে গিয়েছিল। আশপাশে জিজ্ঞেস করলেও কেউ মুখ খোলেনি। ফিরে এসেছিল ওরা। বাবা যখন এ পাড়ার পার্টি দলনেতার কাছে সাহায্যের জন্য যান তখন ব্যাপারটা জানাজানি হয়, অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রথম দিকে কিন্তু মা তার শক্ত হাত বাড়িয়ে দিয়েছিলেন বাবার এই কাজে। মা বাবা হাল ছাড়েননি সেইসব মায়ের সন্তানদের লেখাপড়া শেখানোর। ততদিনে বাবার একটা টিম তৈরি হয়েছিল এই কাজে যারা মন থেকে আসতে চেয়েছিল তাদের নিয়ে। জানো সীমা, মা খুব ভালো লিখতেন। মা একটা কবিতা শুনিয়েছিলেন বাবার টিমের এক মিটিংয়ের দিন... সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, বাবা মা কে বলেছিলেন তুমি তো আমার থেকেও ওদের আপন করেছো, মার চোখে সেদিন জল ছিল কিন্তু তার একফোঁটাও গাল ভাসায়নি। মা বোধহয় কিছু একটা আন্দাজ করেছিলেন কেন জানিনা সেদিন রাতে আমায় ওই লেখাটা দিয়ে বলেছিলেন,
- রঞ্জন আমরা যখন থাকবো না তখন এই লেখাটার মর্ম বুঝতে পারলো কিনা আমাদের আশেপাশের স্বার্থপর মানুষগুলো একটু দেখিস।
সীমার হাত ধরে রঞ্জন বাবার টেবিলের কাছে নিয়ে যায়...তার হাতে তুলে দেয় মায়ের একটা খাতা, যার বেশ কিছু পাতা মোড়া আর একদম মাঝখানে একটা ফুলস্কেপ পাতা সযত্নে ভাঁজ করে রাখা। জানো সীমা যখন রাতের পর রাত ঘুম আসত না তখন এই লেখাগুলো পড়তাম। সীমা ওই পাতাটা বের করে পড়তে শুরু করে...
তোমরা রজনীগন্ধা কেনো ঘর সাজাতে,
আমরা কিনি জীবন্ত চিতা সাজাতে-
আমার ছোট্ট ভ্রূণটা জন্মের আগেই বিকিয়ে যায়!
সত্যিই হয়তো, আমার জন্য খুব দামী ওই প্রশ্নটা-
ছেলে নাকি মেয়ে?
তবু আমার জন্য তফাৎ কিছু হয় কি?
মেয়ে হলে পাবে বিষ চুম্বন আর
ছেলে হবে ওই বিষের দালাল!
আমি শুধু তোমাদের মানসী হয়ে গর্ভযন্ত্রণা ভুলে
ধূপের ধোঁয়ায় ওই বিষাক্ত গন্ধটা রোজ ভুলি
আমার মা হওয়াটা কত দোষের বলো! তাইতো -
আমার ছোট্ট ভ্রূণটা জন্মের আগেই বিকিয়ে যায়।
আমি পড়তে শেখাই, আদরে জড়িয়ে ধরে
বলো সোনা - অ, আ, ই, ই...
সোনা খোঁজে পুঁথি আমার ঘরে,
পায়ে পায়ে জড়িয়ে আমার সাথে আমার আঁচল ধরে
কিন্তু বড্ড গন্ধ যে, মদ বলবো না!
তোমরা তো বলো অমৃত আমার শরীরে। তবুও -
আমার ছোট্ট ভ্রূণটা যায় বিকিয়ে!
নেই পেন্সিল নেই খাতা কিচ্ছুটি আমার ঘরে
তবু সোনা পড়তে শেখে
সোহাগ দেখে আর চাকুর ধারে...
না, আর পড়ে উঠতে পারে না সীমা। ভাজ করে রেখে দেয় কাগজটা। দুচোখ বেয়ে জলের ধারা তার, যেন কত চেনা ওই মানুষগুলো!
পরদিন সকালে রঞ্জনের জন্য একটা ফোন আসে লোকাল থানা থেকে। সীমার চোখে মুখে একরাশ চিন্তা দেখে রঞ্জন বলে, থানার ভারপ্রাপ্ত অফিসার তার ছোটবেলার বন্ধু, সদ্য দায়িত্ব নিয়েছে।
রঞ্জন তার কথা বলা যন্ত্রটার পারমিশন নেওয়ার ব্যাপারে একদিন থানায় যেতে ওর সাথে দেখা। তখন মা বাবার কথা ওঠায় ও আসবে বলেছিল সবটা শুনবে বলে। তাই আজ রাতে ওকে ডাকলাম কথাও হবে আড্ডাও হবে, সীমা আজ তুমি স্পেশাল কিছু বানাও। সীমার রান্না প্রায় শেষ, তখন রাত সাড়ে আটটা বাজে। একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। ডিনার শেষ করে দুই বন্ধু বারান্দায় চুপ করে দাঁড়িয়ে, ততক্ষণে রঞ্জন তার সবটা বলে দিয়েছে বন্ধু অলোককে। সিগারেটের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে যত ওপরে উঠছে তত যেন কিছুক্ষণের জন্য আঁধারটা ফিকে পড়ে যাচ্ছে, অলোকের ভ্রুযুগল ধনুকের মত বেঁকে আছে - সে যে এই কেসটা নিয়ে নতুন করে ভাবছে তা বেশ বোঝা যাচ্ছিল। নীরবতা ভেঙে রঞ্জন বললো,
-আমার যন্ত্রটা দেখবি চল।
সবাই ছাদের ঘরে যায়, যন্ত্রটা এখন আর সেই বাক্সের মত দেখতে নেই। রঞ্জন তাকে একটা পূর্ণ রূপ দিয়েছে, বেশ একটা রেডিও টাইপ তবে অনেক জোরালো আওয়াজ। ওটার বিশেষত্ব হচ্ছে যে কোনো ব্যাটারী লাগে না। ওটা সম্পূর্ণ ভাবে ইলেক্ট্রিসিটিতে চলবে আর আগে থেকে চার্জ করে রাখাও যাবে। রঞ্জন সুইচ টেপে আর যন্ত্রটা বলতে শুরু করে ...
'মনে করো যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে'......
শেষ হতে না হতেই সুইচটা ঘোরায় রঞ্জন, আর যন্ত্রটা বলে ওঠে …
'অ এ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে....
যন্ত্র সুর করে করে বলে যায় সহজ পাঠের কথা, আরও কিছু কবিগুরুর কবিতা। এমন অনেক কিছু যা শিশুমনে খুশির দোলা আনবেই আনবে! অলোক জড়িয়ে ধরে রঞ্জনকে, এ কি করেছিস তুই! সীমাও মনে মনে খুব খুশি। রঞ্জন বলে এখনও এর প্রোগ্রামিং শেষ হয়নি। প্রাথমিক শিক্ষাটুকুও যদি সেইসব ঘরে পৌঁছে দিতে পারি তাহলে আমার মা বাবার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করতে পারব। অলোক জিজ্ঞেস করে এরকম কত জায়গা আছে রে, তুই সবটা কি করে কভার করবি? রঞ্জন বলে যতটা পারি, সরকারি অনুমোদন পেলে আরও বানাবো। ইচ্ছে আছে প্রতিটি এমন এলাকা খুঁজে বার করব যেখানে শিশুসন্তান সুযোগ পায়না, যাদের মায়েরা নিরুপায় লাল লিপস্টিক আর নগ্ন পিঠের আঁড়ালে...সেখানে একটা করে এই যন্ত্র দেব। আপাতত আমার যা ক্ষমতা তার সবটুকু দিয়ে গোটা তিন চারেক বানিয়ে ফেলবো খুব শিগগির। অলোক তুই আমার পাশে থাকবি তো? অলোক আর রঞ্জন হাতে হাত মেলায় সাক্ষী থাকে সীমা আর রাতের জোনাকিগুলো যাদের টিম টিম আলোয় তৈরী অদৃশ্য এক হোমের আগুনে ভস্মীভূত হয় আগামীদিনের অনিশ্চয়তা। সব প্রতিবন্ধকতা ভেঙে রঞ্জন এগিয়ে চলেছে, সমাজের সব শিখিয়ে দেওয়া নিয়মের সাথে যুদ্ধে অনিবার্য আঘাত হানতে চলেছে সে। রোজের বুলিগুলো যেন সত্যি বেমানান আজ। সীমা আজ আবার খাতা খুললো সেখানে গোটা গোটা অক্ষরে লিখে গেছেন তার শাশুড়িমা....
আমার হাতের মুঠোয় একঝাঁক আলো
আমি হাঁটছি শুধু হাঁটছি অনেক আলোকবর্ষ ধরে
নিচে শুধু প্লাবন, আবেগগুলো ভেসে গেল যে
মুঠোটা ব্যস্ত ছিল, তাই আগলে রাখতে পারেনি
মনে হয় যদি আমার জিভটা সম্মোহিত হতো
তাহলে হয়তো আমি আজ ঐ গোলাপ ফুলটা হতাম
নিজে ঝরে যাবো জেনেও...
নিজেকে পুতুল বানাতাম
সবার কথাগুলো বেশ বুলি হতো, পোষা তোতার মত!
কিন্তু হলোনা!
আমি যে হাঁটছি অনেক আলোকবর্ষ ধরে,
আমি যে যুক্তি, মুক্তি এই সমাজের অন্ধত্বের,
আমার অস্তিত্বে মনুষ্যত্বের অহংকার
নাইবা করলে আমায় তোমার প্রসাধন
আমি শুধু প্রশাসনের শার্সিতে আজ লিখে যেতে চাই
আমার আলোর অধিকার।।
আজ সীমা তার শাশুড়িমায়ের একটা শাড়ি পরেছে। অলোকের সাহায্যে রঞ্জন আর সীমা তাদের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ নিতে চলেছে। রঞ্জন আজকাল রেগে যায় সীমা যদি একবারও ভুলে বলে ফেলে 'কথা বলা যন্ত্র', কারণ এখন সেটার নাম 'জাগরণ'। সীমার মা ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, ওনারা খুব খুশি রঞ্জনের এই সাফল্যে। মা বাবা আজ তাদের সাথে আসতেও চেয়েছিলেন কিন্তু অলোক বারণ করেছে যদি কিছু গন্ডগোল হয়। রঞ্জন আজ সেই জায়গায় যাবে বলেছে যেখানে তার বাবা কাজ শুরু করেছিলেন। আজ জাগরণ নিয়ে নিউজ চ্যানেলগুলো সকাল থেকেই সরব। পুলিশ প্রশাসন সবাই খুব ভালোভাবে নিয়েছে তাদের এই আন্তরিক প্রয়াস। কিন্তু অলোকের মনে একটা অনিশ্চয়তা থেকেই গেছে শুরু থেকে, সে বার বার রঞ্জনকে সাবধান করেছে স্থানীয় দালালগুলোর থেকে। আজ সীমা একরকম জোর করেই যাচ্ছে। সীমা বলেছে সে থাকলে সেখানকার মা আর বাচ্চাদের আপন করতে অনেক সুবিধা হবে। অলোকের খুব বিশ্বস্ত কয়েকজন পুলিশ অনেক আগেই পৌঁছে গেছে আজকের রেড জোন এ, আর তাদের থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে অলোকের দুশ্চিন্তা মিথ্যে নয়। রঞ্জন আর অলোক আজকের রেড জোনের নাম দিয়েছে 'প্রথমা'। এ বুদ্ধিটা সীমার, আসলে যখন এই এলাকার বাচ্চাগুলো বিশেষভাবে চিহ্নিত হয়ে যাবে তখন তাদের ভবিষ্যত জীবনে সাফল্য এসেও তা সমাজের কিছু নিকৃষ্ট নিয়মের আঘাতে নিমেষে চূর্ণ হয়ে যেতে পারে। অলোক বিশেষ অনুমতি করিয়েছে যাতে ওখানে কোনরকম লাইভ প্রসারণ না হয়। শুধুমাত্র রঞ্জনের ইন্টারভিউ এর ওপরেই ভিত্তি করে থাকবে জাগরণের বর্তমান ও আগামী দিনের কাজ। পুলিশের জিপ এসে থামলো প্রথমাতে। চারিদিকে বেশ নিস্তব্ধতা। আসলে পুলিশ থাকায় খদ্দেরও তেমন নেই আজ এ পাড়ায়। রঞ্জনের হাত ধরে নামলো সীমা বেশ ভয়ে ভয়ে, এরকম অভিজ্ঞতা তার আগে কোনদিন হয়নি। অলোক যথারীতি পুলিশের ছোট্ট গ্রুপটার সাথে কথা বলে নিতে একটু এগিয়ে গেছে। বাড়িগুলোর কিছু কিছু জানলা খোলা কিন্তু কেউ বাইরে নেই। ওপরে তাকালো সীমা জানলাগুলোতে কৌতূহলী মুখ, আশ্বস্ত হলো সে, যাক কেউ তো আছে। অলোক এসে জানায় আজ খুব অল্প সময়ের মধ্যে সব গুটিয়ে ফেলতে হবে পরিস্থিতি ভালো নয়। ধীরে ধীরে সময় বাড়াতে হবে। দালালগুলো সব হুমকি দিয়ে গেছে আর কোথাও ঘাপটি মেরে আছে, আজ পুলিশ ফোর্স খুব সামান্য তাই ওরা যদি ঝাঁপিয়ে পড়ে সামলানো মুস্কিল হবে। দিদি, হঠাৎ কে যেন ডাকলো! সীমা পিছনে তাকাতেই দেখতে পায় শীর্ণকায় চেহারার এক মাঝবয়সী মহিলা, গায়ে একটা গোলাপী শাড়ি জড়ানো তবে তার চওড়া কপালের লাল টিপটা কেমন যেন মায়াময় করে তুলেছে তার মুখশ্রী। সীমা এগিয়ে যায় তার দিকে।সে বলে,
-বাবাসাহেবকে আমি চিনতাম। আমার ছেলেটাকে পড়াতো আর এখানের অনেককেই কিন্তু শেষ রক্ষা হয়নি শুনেছি। আমার ছেলেটারও, জানো কলেরাতে মরলো সে আগের বছর।
রঞ্জন আর অলোক যোগ দেয় ওদের কথায়। জিজ্ঞেস করে বাকিদের কথা, এখানকার বাচ্চাদের কথা! সে বলে,
-দিদি তুমি এসো আমার সাথে সব বলছি, সবাই এলে ওরা ঝামেলা করতে পারে।
সীমা অলোক আর রঞ্জনের বারণ অগ্রাহ্য করেই যায় জাগরণকে সাথে নিয়ে। অলোক দুজন পুলিশকে সাথে দিতে চাইলে ওই মহিলা আটকায়, ওদের ওখানেই অপেক্ষা করতে বলে। সীমা ওই মহিলার সাথে এগিয়ে চলে এক অজানার পথে, প্রথমে একটা বাড়ির দরজার মধ্যে দিয়ে ঢুকে বিপরীত দিকের এক দরজা দিয়ে বেরিয়ে সোজা একটা গলিতে পড়ে তারা। সীমার এবার একটু ভয় করতে শুরু করেছে, মহিলা এত দ্রুত গলির ডানদিকে - বাঁদিকে ঢুকে পড়ছে যে সীমা এবার রাস্তা গুলিয়ে ফেলছে। মহিলা কোনো কথা বলছে না, চোয়াল শক্ত করে হেঁটেই চলেছে। অবশেষে থামলো সে, ঘুরে তাকালো সীমার দিকে - একটু হাসলো, বললো ভয়ে পেয়েছো? সীমা ঢোক গিলে বললো না তো! সীমার পিছনে কাদের যেন আওয়াজ! আশপাশে পর পর ঘর কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু পিছনে একটা অদ্ভুত আওয়াজ ঠিক যেন সাপের লালা ঝরা পিচ্ছিল মুখের হিস্ হিস্, সীমার মনে হলো কেউ তাকে পেঁচিয়ে ধরবে আর ফেরার উপায় নেই। তার কাঁধে কেউ হাত রাখলো! কি সাংঘাতিক হাসি, মনে হলো যেন অন্ধ হয়ে গেছে সে! কই সামনে যে মহিলা দাঁড়িয়ে ছিল তাকে তো আর দেখতে পাচ্ছে না? এভাবে ঠকতে হলো! নিজের ওপর ধিক্কার জাগলো সীমার। তিন তিনটে আধা মাতাল তাকে ঘিরে, চিৎকার করে উঠতে গেল সীমা কিন্তু মুখ চেপে ধরলো একজন...একটা ঘরের সামনে খাটিয়া পাতা ছিল সেখানে টেনে হিচড়ে নিতে থাকলো তাকে, তবু একচুলের জন্য জাগরণকে বুক থেকে ছাড়েনি সীমা। যখন মনে হচ্ছিল সব আশা শেষ ঠিক সেই সময়ে ওই মহিলা গালাগালি দিতে দিতে একটা ঘর থেকে বেরিয়ে এলো, আর সুড় সুড় করে ওই মাতাল তিনটে কেমন যেন প্রায় কুকুরের মত লেজ দোলাতে লাগলো!
-ময়না রাগ করিস না রে, এই আমরা যাচ্ছি। কখন আসবো বল খালি!
ময়না তাড়াতাড়ি এসে সীমার শাড়ী সামলায়,
-বলে ভাগ শালারা। পুলিশ এসেছে বাঁচতে চাইলে পালা।
ময়না সীমাকে ঘরে নিয়ে আসে। বলে,
- রাগ করো না দিদি। ওরা নিছকই মাতাল খদ্দের, ওরা ভেবেছে তুমি নতুন বুঝি এ পাড়ায়! আমি একটু খানি তোমায় ছেড়ে ঘরে গেছি বসার জায়গা করতে তার মধ্যে এই কান্ড।
সীমা বিদ্ধস্ত, কি বলবে বুঝে পায়না। ওর মনে হয় এই নোংরা হাতগুলো যেখানে যেখানে স্পর্শ করেছে সেগুলো শরীর থেকে বাদ দিয়ে দি- কিন্তু চমকে যায় ময়নার কথায়! সে বলে,
- একদিকে ভালো হলো গো দিদি এই বুনো কুকুরের জাত চিনলে শুরুতেই তুমি। এতে তুমি আরও আমাদের কষ্টটা বুঝবে, আমাদের কোলের শিশুগুলো কিভাবে প্রতিদিনের বাসর রাতের সানাইয়ের শব্দে দিশাহারা হয়, কিন্তু পালাবার পথ নেই। একমাত্র তোমাদের মত কিছু লোক পারে একটু আলোর পথ দেখাতে। কই রে তোরা আয়! যে কটাকে পেরেছি আমার ঘরে লুকিয়ে এনে রেখেছিলাম দিদি তোমরা আসবে শুনে। ওদের মায়েরা ভয়ে ছাড়তে চাইছিল না কিন্তু আমি বললাম- আমায় দেখে তোদের শিক্ষা হয় না! আমি যদি সব হারিয়েও তুফানের সামনা করতে পারি তাহলে তোরা কেন পারবিনা রে, তোদের তো পেটের বাচ্চা! আমার ছেলেটার বড় আশা জন্মেছিল দিদি, ওই যবে থেকে বাবাসাহেব পড়াতেন তবে থেকে। ও বলেছিল মা, আমি অফিসে কাজ করে তোমায় এখান থেকে নিয়ে যাবো। আমাকে নাকি আর বাবার পরিচয় বলতে হবে না সেই আমায় দেখবে, কিন্তু আমি খুব হাসতাম বলতাম দূর পাগল লুকাবো কেন? আমি নিজেই জানি না তোর বাবা কে!
বুকটা মুচড়ে উঠলো সীমার লজ্জা হলো- এই মানুষটাকে সন্দেহ করার জন্য। ততক্ষণে ময়নার ঘরে ছোট বড় মিলিয়ে দশ বারোটা বাচ্চা... সবচেয়ে ছোট একটা মেয়ে নোংরা ফ্রক পড়ে সীমার একদম কাছে। ময়না বলে,
-ও ফুলি, এই তোর দিদিমনি। সীমার দু চোখে আনন্দের ঝিলিক। শাড়ির আঁচলে চোখ মুখ পুছে নিয়ে নতুন উদ্যোম সে বাচ্চাগুলোকে কাছে টেনে নেয়। ময়নাকেও বসতে বলে জাগরণ চালায় সে। বলে,
- চলো আজ তোমাদের কবিতা শোনাই। ঘরে গিয়ে মাকে শোনাবে... একে একে বাজতে থাকে -
কুমোর পাড়ার গরুর গাড়ি
বোঝাই করা কলসি হাঁড়ি
গাড়ি চালায় বংশীবদন,
সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
হাট বসেছে শুক্রবারে..............
ওদিকে জীপে তখন সীমার চিন্তায় রঞ্জন। আর অলোক বলছিল এই মহিলা হয়তো কাকুর কেসটায় কিছু সাহায্য করতে পারবে। ঠিক তখন তাদের কানে ভেসে আসে দুর থেকে খুব চেনা একটা শব্দ.....
আয়রে ভোলা খেয়াল খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
অলোক খুব হেসে জড়িয়ে ধরে রঞ্জনকে বলে তুই সত্যিই একটা পাগল। জাগরণ সত্যিই বোধহয় পরিবর্তন আনতে চললো।।