Friday, July 9, 2021

প্রতিবিম্ব... নীলাঞ্জনা সরকার

 



পুকুরের জলে প্রতিবিম্ব এলো মেয়েটির সলজ্জ মুখের। এইতো দুদিন আগেও সে কোচড়ে আম নিয়ে পাঁচিল টপকে পালিয়েছিল, বন্ধুর বাড়ির উঠোনে চড়ুইভাতি করেছিল! আজ সেই মেয়েটি নিজেরই সিঁদুরে রাঙা মনে ছবি এঁকেছে ভালোবাসার। ভাবনায় ব্যাঘাত ঘটলো তার...


-আর কতক্ষণ? নতুন বউ যে এমন করে পুকুরে নামে তা কস্মিনকালেও দেখিনি!


-কালে কালে এমন আরও অনেক কিছু দেখবে দিদি!


হেসে কুটোপুটি খায় ছেলের বাড়ির প্রতিবেশীরা।

মেয়েটি ভাবে...তাহলে কি সেইসব কথা সত্যি! জীবনের হার্ডল একের পর এক পেরিয়ে যাওয়ার সময় অনেকেই বলতো বিয়ের পর নাকি সব স্বপ্ন থেমে যায়। শুধুমাত্র কর্তব্য সামনে এসে দাঁড়ায়। একটু হলেও ভয় পায় মেয়েটি।


এগিয়ে আসেন মেয়েটির আরেক মা, তিনি হয়তো তাকে পেটে ধরেননি কিন্তু ওনার হাতেই মেয়েটির বধূ জন্ম হয়েছে। তিনি স্পর্শ করলেন মেয়েটিকে...বুকে টেনে নিয়ে বাকিদের দিকে ফিরলেন,


-ঠিক বললে,আরও অনেক কিছু দেখবে আমার বৌমার...ওকালতি পাশ করা মেয়ে দস্যি না হলে অপরাধী ভয় পাবে না যে! 


- সে কি গো রায় গিন্নি! তোমার বৌমা এখন এসব ধিঙ্গিপনা করবে নাকি! আমাদের সবার কিন্তু একটা সম্মান আছে...


- 'সম্মান' শব্দটা অনেক আদরের গো। তাই সে বড্ড অভিমানী। তাকে ধরে রাখতে গেলে সামনের মানুষটাকেও সম্মান দিতে হয়।


রায় গিন্নি তার পুত্রবধূকে বললেন,


- আয় মা। আর কতক্ষণ জলে থাকবি! এবার ঠান্ডা লেগে যাবে।


মেয়েটি হেসে নতুন মায়ের হাত ধরে জীবনের আর এক ধাপ এগোয়। 


1 comment:

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...