Thursday, December 24, 2020

প্রত্যাবর্তন..... নীলাঞ্জনা সরকার

             

"সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই "....খবরটা শোনার পর থেকে মন ভালো নেই রিমলির। ছোটোবেলার অনেক স্মৃতি ভেসে উঠলো মনে... দশ বছরের জন্মদিনে বাবা কিনে দিয়েছিল 'গ্যাংটকে গন্ডগোল'। 
বইটাকে উল্টে পাল্টে দেখে সেদিন রাতেই পড়ে শেষ করে ফেলেছিল সে। কি উত্তেজনা সেই উপহার নিয়ে, উফ্! এখন এমন সহজ সরল ভালোলাগাগুলো হারিয়ে গেছে রিমলির জীবন থেকে। রিমলির বিয়ে হয়েছে আজ প্রায় আট বছর, ওভারিয়ান জটিলতার জন্য পর পর দুটো মিসক্যারেজ। ডাক্তার বলে দিয়েছে এরপর গর্ভবতী হলে জীবন সংশয়। তারপর সবকিছু থেকে বিমুখ হয়ে গিয়েছে রিমলি, এমনকি আজকাল মা বাবা ফোন করলেও ধরে না। স্বামী অনেক বোঝায়, এও বলে..
- তোমার বাড়ির লোকের কি দোষ! মেয়েরা যে এভাবে মা বাবাকে ভুলে যেতে পারে, তা আমি ভাবতেও পারছি না রিমলি। তোমার কোথাও ভুল হচ্ছে।
- কিসের ভুল! আমায় নিয়ে মা বাবার খুব গর্ব ছিল, ছোট থেকে শিখিয়েছিল হার বলে কিছু নেই। অথচ দেখো, এখন কেমন সব হারানোর দেশের রাণী হয়ে বসেছি!
.....কিন্তু আজ এই রিমলির চোখেই জল। অন্তিম সজ্জায় প্রিয় মানুষটাকে টিভির পর্দায় দেখে মনটা আকুল হয়ে ওঠে তার। 
...আচ্ছা, বাবার কত বয়স হলো? আগের জন্মদিনে ফোন করেছিলাম কি? ঘামে ঘেঁটে যাওয়া মায়ের কপালের লাল সিঁদুরের টিপ... ঝাপসা হয়ে যাওয়া শৈশবের বারান্দাটা খুঁজে পেতে চায় রিমলি। বাড়িয়ে দেওয়া বার্ধক্যের হাতগুলোকে রিমলি যে অনেকদূরে সরিয়ে দিয়েছে গর্ভের অজানা আগন্তুকের জন্য। 
 কাঁপা হাতে ডায়াল করে সে.... অন্য প্রান্ত থেকে ভেসে আসে খুব চেনা এক কণ্ঠস্বর,
- হ্যালো, কে?
কথা হারায় রিমলি, শুধু চোখের জল বাঁধ মানে না।
- মা রে, তোর সাথে খুব ঝগড়া জমে আছে আমাদের। এই বুড়ো ছেলে মেয়েটার কথা একেবারেই ভুলে গেলি? নিজেকে নিঃসন্তান ভাবলি কি করে? ওরে, আমরা কি তোর সন্তানের চেয়ে কিছু কম! তোর জন্মের পর থেকে যে তোকে শুধু মা বলেই জেনেছি।
- আমায় ক্ষমা করে দাও। নাড়ির টানের প্রকৃত অর্থ বুঝিনি আমি।

অলক্ষ্যে বিধাতা হাসে....

"ভেবো না আমি হারিয়ে গেছি থাকবো না আর মনে,
বরং সযতনে বাঁধবো বাসা তোমারই আনমনে।"

3 comments:

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...