Monday, November 2, 2020

ভালোবাসার রবীন্দ্রজয়ন্তী..... নীলাঞ্জনা সরকার



বাড়ির সামনে দিয়ে ছোট ছোট বাচ্চারা লাইন করে যাচ্ছে, কি সুন্দর লাগছে ওদের - গাঁদা ফুলের সাজে অপরূপা। মালতি জানলা দিয়ে ওদের দেখছে আর মিষ্টি গলার গান শুনছে.....'বাংলার মাটি বাংলার জল'। আজ রবীন্দ্রজয়ন্তী, খুব পছন্দের 'বীরপুরুষ' কবিতাটা মনে পড়লো....
     
মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে.......

কবিতাটি মালতির কাছে এখন অনেকটাই স্মৃতি, শুধু বিগত বছরের প্রতিটিক্ষণ মনের সাথে দিন - রাত লুকোচুরি খেলছে। মালতি নিজের গর্ভ- কে স্পর্শ করে, চোখ টিপে রাখে যাতে একফোঁটা জল বেরিয়ে না আসে। ভালোবাসার বিয়ে হয়েছিল মা হারা অতনুর সাথে। সবাই খুব খুশি হয়েছিল এই বিয়েতে। বিয়ের তিন বছর কেটে যায় নিমেষে আর মনের মধ্যে মা হওয়ার বাসনা আঁকরে বসে। অতনুকে তখন রোজ আঠেরো ঘণ্টারও বেশি ডিউটি দিতে হচ্ছে....হবেই... মনকে শান্ত করেছিল মালতি, অতনু যে ক্রাইম ব্রাঞ্চ এ আছে সেকথা ভুললে চলবে না। জীবন তখন রূপকথার দেশ থেকে বাস্তবের মাটিতে পা রেখেছে,  মালতি জানতে পারে সে মা হতে চলেছে, তখুনি ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলতে চেয়েছিল অতনুকে কিন্তু তার আগেই ফোন এসেছিল ওর অফিস থেকে। পাগলের মত রাস্তাতেই বসে কাঁদছিল সেদিন মালতি আর অতনুর বাবা হন্যে হয়ে ট্যাক্সি খুঁজছিলেন, ছেলে যে বোম্ব ব্লাস্টে সাংঘাতিক ভাবে আহত! আজ সেই ঘটনার ছয় মাস কেটে গেছে, অতনু পা হারিয়ে তার বীরপুরুষ তকমা খুইয়েছে নিজের কাছে, একসময়ের ডাকসাইটে পুলিশ আজ ক্লার্কের কাজ করে অফিসে বসে। এ বড় যন্ত্রণার !অতনুর দু চোখের দিকে তাকালে মালতি ভয় পায়, তবু তাকে বুকে জড়িয়ে আগলে রাখে রোজ....যখনই রাত হয় - আঁধারের বিভীষিকা অতনুকে মানসিক ভাবে গ্রাস করার আগেই মালতি খুলে বসে তার জিওন কাঠির বাক্স।  আজও তার ব্যাতিক্রম নয়, যখন সবাই সারাদিন রবীন্দ্রনাথকে সন্মানের উচ্চ শিখরে নিয়ে গেল, তখন রাত নামলে মালতি তার আবেদনের পুষ্প বিছিয়ে অতনুর হাতটা নিজের মধ্যের ছোট্ট সোনাটার ওপরে রাখল আর দুজনে গেয়ে উঠলো...

                 "বিপদে মোরে রক্ষা করো,
                  এ নহে মোর প্রার্থনা
                  বিপদে আমি না যেন করি ভয়।
                  দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
                   দুঃখে যেন করিতে পারি জয়।।"

               ....... নীলাঞ্জনা সরকার......


No comments:

Post a Comment

প্রেম ডট কম... নীলাঞ্জনা সরকার

  একটুখানি খোলা আকাশ দেখার সৌভাগ্য যে কবে হবে! নির্মল দীর্ঘশ্বাস ফেলে...সব সুখ বিলীন হয়ে গেছে মৃন্ময়ীর সাথে। মনে আনাগোনা করে মৃন্ময়ীর সাথে...