আগুনের গোলাটা আসলে সুবর্ণগোলক
ছুঁলেই তোমার গোপনীয়তার বিকাশ।
তুমি যেমনটা চাও তেমনটা হতে পারো-
বিষবৃক্ষ অথবা পারিজাত,শুধু-
মুক্তটা খুঁজে বের করার অপেক্ষা।
তোমার মনের মণিকোঠায় সেই সেদিনের যে
স্ফটিক আয়নার পরিচয়ের পরিযায়ী হওয়া-
তাও হবে অসামান্য যদি একপশলা বৃষ্টি নামে।
পাবে পলিমাটির ছোঁয়া যদি-
বিবেকের সাইক্লোনের ঘূর্ণিতে অসততা উড়ে যায়-
ধন্য হবে তুমি যদি
সেই আগুনের গোলাটা খুঁজে পাও।
দেখো না তোমার হৃদয়ে অগুন্তি শুভকামনায়,
দেখোনা তোমার বন্ধুর আলিঙ্গনে,
খুঁজলে হয়তো পাবে তাকে সম্পর্কের উত্তরণে।
একদিন শীতল শুভ্র বরফের ছোঁয়ায়
গোলাটাকে খুঁজেছি, ওই আসমানী রঙ্গমঞ্চেও,
পাশের গলিটায় হাটতে গিয়ে গুলাবির চোখেও,
আমার সফেদ হাতের রক্তকরবীতেও-
তবু শুভেচ্ছার চোখের বাদামী তারাটা বোধহয়
বেশি আকর্ষণীয় বোধোদয়ের আগুনের গোলার।
বিশ্বাসে অগ্নিময় হয়ে ওঠার-
গল্প শোনানোর প্রতীক্ষায় তা।
আগুনের গোলাটা আসলে সুবর্ণগোলক যে।।
.......... নীলাঞ্জনা সরকার..........

No comments:
Post a Comment