এই ঝড় খুব প্রিয় আমার।
খোলা চুলের মতই ঘন অন্ধকারের ছটা,
ছাদে আকাশ দেখা,
উদ্ভিদের মত পাঁচিলটাকে আঁকড়ে ধরে ওঠা..
ভয়ে মন কাঁপে না, মনে হয়না একবারও
যদি রক্ত পড়ে, যদি হৃদস্পন্দন বাড়ে-
শুধু মনে হয় এই ঝড় খুব প্রিয় আমার।
আমি ডানা মেলে উড়ি
এই ভেজা গোঁধুলিও খুব কাছের
সবুজ শ্যাওলা ঘন কালো দেওয়ালে
পিছলে পড়াও খুব প্রিয়।
খিলখিলিয়ে হাসি যৌবন কান্না
দূরে ভিড়ে ফিরে ফিরে আসে যায়।
তনয়ার ছায়া দুপুরের আলোয় কুৎসিত,
তবু তার মনে রজনীগন্ধার আঘ্রাণ, যা-
তার খুব কাছের ভালোলাগা।
ঠিক যেমন এই ঝড় খুব প্রিয় আমার।
তবু ভালোবাসা বলতে যখন ক্লান্ত হই আমি
তখন আমার খোঁপার ফুল ছুড়ে দি, আর-
গায়ে ঝড়কে মেখে ভিজি, বলি - দাঁড়াও
তুমি সৌন্দর্যের ওপারে..
আমার সকল কামনায়, বাসনায়, অঙ্গে, রন্ধ্রে-
চাই তোমার আকাশ জোড়া গভীরতা,
আর আমার দুচোখের শীতলতা -
ঝড় উঠলেই জুড়াবে আমার অলীক মনের স্বপ্ন দেখা,
তাই তো এই ঝড় খুব প্রিয় আমার।।
********** নীলাঞ্জনা সরকার **********

pmita79@gmail.com.... সুন্দর লেখনী।
ReplyDelete